logo
চট্টগ্রামে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

সংকটের পাশাপাশি উত্তরণের খবরও প্রচার করতে হবে: চসিক মেয়র

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
সংকটের পাশাপাশি উত্তরণের খবরও প্রচার করতে হবে: চসিক মেয়র
চট্টগ্রামে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সংবাদমাধ্যমে কেবল সংকটের চিত্র নয়, বরং সেই সংকট উত্তরণের প্রচেষ্টাগুলোও সমান গুরুত্ব দিয়ে প্রচার হওয়া দরকার। সোমবার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সংবাদ মাধ্যম এশিয়া পোস্টের চট্টগ্রাম অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আমাদের সমাজে নানা সংকট রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলো সুনির্দিষ্টভাবে সংবাদ পরিবেশন করে না। যেমন—সম্প্রতি চট্টগ্রামের কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছে। এটি সত্য, কিন্তু সংবাদ প্রচার হলো ‘পুরো চট্টগ্রাম পানির ওপর ভাসছে’, যা সঠিক তথ্য নয়। প্রকৃত সত্য হলো কিছু নির্দিষ্ট এলাকায় পানি উঠেছে। আবার অনেক এলাকা, যেখানে আগে পানি উঠত, এবার সেখানে পানি ওঠেনি। কেন ওঠেনি বা কী উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নতি হলো, সেটি কিন্তু কেউ লেখেনি। সংকটের কথা লেখা যেমন জরুরি, সংকট নিরসনে গৃহীত পদক্ষেপগুলো প্রচার করাও তেমনি প্রয়োজন। এতে কাজের সঙ্গে সংশ্লিষ্টরা উৎসাহ পান।

নতুন সংবাদ মাধ্যমটির প্রতি শুভকামনা জানিয়ে ডা. শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ এবং ইতিবাচক সাংবাদিকতার ধারা বজায় রাখবে। বক্তব্য শেষে তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন— থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভিক ওসমান, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, সমকালের আঞ্চলিক সম্পাদক সরোয়ার সুমন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, এটিএন বাংলার মনজুর কাদের, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম এবং প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রীস আলী, মহানগর পুলিশের সাবেক এডিসি কামরুল হাসান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের প্রভাষক সরওয়ার কামাল, নিউজ নাউ টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান পার্থ প্রতীম নন্দী ও ইউসিবি ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) সভাপতি ইমরান বিন সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ, সহসভাপতি তাপস বড়ুয়া ও মিশু পালসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

এর আগে বিকেলে থিয়েটার ইনস্টিটিউটে শুভেচ্ছা জানাতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক এ এস এম জাহিদুল করিম কচি এবং দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল।

জাহিদুল করিম কচি বলেন, তারুণ্যনির্ভর এই সংবাদ মাধ্যমটি আগামীর দিনগুলোতে সত্য ও ন্যায়ের পথে থেকে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের চট্টগ্রাম অফিসের সংবাদকর্মীরা চট্টগ্রামের উন্নয়নে কাজ করার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।