logo

এক শিশুকে নিয়ে কারাগারে মা, দুই শিশু অপেক্ষায় জেলগেটে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
এক শিশুকে নিয়ে কারাগারে মা, দুই শিশু অপেক্ষায় জেলগেটে
প্রিজন ভ্যানে ছোট শিশুসন্তানকে নিয়ে মা ফারহানা আক্তার শিল্পী, আর জেলেগেটে তার অপেক্ষায় অন্য দুই শিশুসন্তান। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরে একটি মারামারির মামলায় ফারহানা আক্তার শিল্পী নামে এক নারীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার আড়াই বছরের শিশুকেও। মায়ের কোল আঁকড়ে থাকা ছোট্ট শিশুটি বুঝতেই পারেনি, কেন হঠাৎ করেই তার পৃথিবীটা লোহার গেটের ভেতরে বন্দি হয়ে গেল।

আর এ সময় স্কুলড্রেস পরা শিল্পীর দুই অবুঝ শিশুসন্তান জেলগেটের সামনে দাঁড়িয়ে ছিল মায়ের অপেক্ষায়। তাদের নিষ্পাপ চোখে ছিল আতঙ্ক, বিষণ্নতা আর না বোঝা এক শূন্যতা—কেন তাদের মা হঠাৎ করেই লোহার গেটের ওপারে চলে গেলেন, সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা। গত ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে একটি মামলা করেন। মামলায় প্রতিবেশী ফারহানা আক্তার শিল্পীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। শিল্পী লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিল্পী রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করেন। এতে বাদীর মাথার হাড় ভেঙে গুরুতর জখম হয় এবং মাথা থেকে রক্তক্ষরণ হয়।

লক্ষ্মীপুর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা ফারহানা আক্তার শিল্পী। স্বামী ইসমাইল হোসেন ও তিন সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু একটি মারামারি মামলার পর হঠাৎ করেই সেই সংসারে নেমে আসে অন্ধকার।

সোমবার (১১ মে) বিকেলে আদালতের নির্দেশে শিল্পীকে কারাগারে পাঠানো হলে তার আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়েই যেতে হয় জেলে। আর বাইরে লক্ষ্মীপুর জেলা কারাগারের লোহার গেটের সামনে স্কুলড্রেস পরে দাঁড়িয়ে ছিল তার আরও দুই অবুঝ সন্তান। একজন পঞ্চম শ্রেণি ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের চোখে ছিল শুধু মায়ের জন্য অপেক্ষা আর না বোঝা এক আতঙ্ক।

স্থানীয়রা জানান, সাহাপুর এলাকার ঘটনাটি এখন মানুষের মুখে মুখে। একটি মামলার আইনি প্রক্রিয়ার ভেতরে পড়ে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছোট ছোট শিশুগুলো। মায়ের কোলের শিশুটি আর জেলগেটে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের দৃশ্য অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

এ বিষয়ে আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, শিশু সিয়ামসহ ফারহানা আক্তার শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন। তার অন্য দুই সন্তান একজন পঞ্চম শ্রেণি এবং অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের পরীক্ষা চলমান থাকায় বিষয়টি আরও মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেন, এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তবে আদালতে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে চিকিৎসকরা সাধারণ জখম উল্লেখ করেছেন। এ কারণে ঘটনাটি জামিনযোগ্য হলেও আদালত শিল্পীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিল্পীর ছোট শিশুটিও মায়ের সঙ্গে কারাগারে রয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, আড়াই বছরের শিশু সিয়ামকে সঙ্গে নিয়েই তার মা শিল্পীকে কারাগারে আনা হয়েছে।