সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল ও পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সিলেটের সর্বস্তরের জনগণ ও সিলেট কল্যাণ সংস্থার ব্যানারে সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত এই কর্মসূচি চলে।

বিক্ষোভকারীরা সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের পেছনে অশুভ শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেন। তারা সারওয়ার আলমের সিলেটে থাকাকালীন জনবান্ধন নানা কর্মসূচি বাস্তবায়ন ও নাগিরক স্বার্থে তার গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে কমপক্ষে আরও এক বছর তাকে সিলেটে দায়িত্ব পালনে সুযোগ দেওয়ার আহ্বান জানান। সেজন্য প্রধানমন্ত্রী ও সিলেটের মন্ত্রীদের সহযোগিতা কামনা করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরের কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। দুপুর সোয়া ১টায় তারা অবরোধ তুলে নেন। দাবি আদায় না হলে পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে, রোববার বিকেলে সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনতা। একইসঙ্গে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন ও হরতালের মতো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে রোববার (২১ জুন) সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।

আদেশে যা বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে নেওয়া কিছু উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সারওয়ার আলম। বিশেষ করে মাজারে থাকা দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

বিষয় :সিলেট