Advertisement

আর্জেন্টিনার পতাকা চুরি হওয়ায় থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
আর্জেন্টিনার পতাকা চুরি হওয়ায় থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আমেজে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা চুরি হয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন সমর্থক টুটুল শিকদার। একইসঙ্গে পতাকাটি কেউ খুঁজে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২০ জুন) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের। এরআগে বৃহস্পতিবার উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ করে।

টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। আর পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরা ব্যথায় ব্যথিত হয়েছেন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। তাই এই ঘটনা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দরকার।

ক্লাবটির অন্য সদস্য মামুন বলেন, পতাকা কেউ পেলে তাকে আমরা পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেব।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, এই বিষয়ে সাধারণ ডাইয়েরি পেয়েছি। তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :