ঝালকাঠিতে পুলিশের মোটরসাইকেল মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘১৫ আগস্ট’ ঘিরে মোটরসাইকেল মহড়া চালিয়েছে পুলিশ। মহড়া চলাকালে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।
গ্রেপ্তাররা হলেন—নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিসাদুল ইসলাম তানভীর।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে মোটরসাইকেল মহড়া চালানো শুরু করে পুলিশ। শনিবার সকাল থেকেও মহড়া চলমান রয়েছে। বৃহস্পতিবার রাতে একজন ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া চলাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



