logo

পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালীর বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)। দেলোয়ার মৃধা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। অন্যদিকে রানা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। বন্ধের দিন থাকায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারালেন তিনি। মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন রানা।

জানা গেছে, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে দেলোয়ার ও রানা ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এস এম রফিক মোল্লা জানান, ঘটনাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তারা ট্যাংকের ভেতরে নেমেছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই তাদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।