logo

নাটোরে সিঁদুর খেলায় মাতলেন নারীরা

নাটোরে সিঁদুর খেলায় মাতলেন নারীরা
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে প্রণাম জানিয়ে একে অপরকে সিঁদুর রাঙিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নারীরা। ছবি : এশিয়া পোস্ট

উৎসবমুখর পরিবেশ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমী উদযাপন হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও পূজাপরবর্তী অপরাজিতা পূজা শেষে নাটোরের দুর্গামন্দির ও মণ্ডপগুলোতে শুরু হয় সনাতন ধর্মাবলম্বী নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা।

সকাল ৯টার মধ্যেই দশমী বিহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার চরণে সিঁদুর ছুঁইয়ে দেওয়া হয় এবং দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন সধবা নারীরা। দেবীর চরণে প্রার্থনার পর নারীরা একে অপরের সিঁথিতে, গালে ও মুখে সিঁদুর রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশ্বাস, দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের মাধ্যমে তাদের সিঁথির সিঁদুর ও পারিবারিক কল্যাণ অক্ষুণ্ণ থাকবে।

সিঁদুর খেলাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানের তালে তালে বিবাহিত নারী ও শিশুরা আনন্দে মেতে ওঠেন এবং নাচগান করেন।

নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চা) জানান, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকেল থেকে শুরু হবে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গজল এলাকার জয়কালী দীঘিতে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গাদেবীর দুর্গোৎসবের।