জামালপুরে তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জামালপুরে তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক
অবরোধ প্রত্যাহারের পর গন্তব্যে ছুটে যায় ট্রেন। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর পৌর শহরে তিন ঘণ্টা পর সড়ক ও রেলপথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আটটায় অবরোধ প্রত্যাহার করার পর জামালপুরের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, এদিন বিকেল ৫টা থেকে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় শতাধিক নারী-পুরুষ সড়ক ও রেললাইনে অবস্থান নেন।

অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকা পড়ে। রেললাইনের পাশের সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারীরা জানান, গেটপাড়, ফকিরপাড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা প্রায় তিন দশক ধরে জলাবদ্ধতায় ভুগছেন। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পানি জমে যায়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আন্দোলনকারী আব্দুল কাদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার। বৃষ্টি হলে ঘরে পানি উঠে যায়, চলাচল বন্ধ হয়ে যায়। বারবার অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধ করেছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছি।

বিক্ষোভ চলাকালে মাগরিবের নামাজের সময় হলে আন্দোলনকারীদের একটি অংশ রেললাইনের ওপর জামাতে নামাজ আদায় করেন। পরে রেলওয়ে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরতরা।

জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে আমরা রোববার পৌর প্রশাসনের সঙ্গে বৈঠক করব।

বিষয় :জামালপুর