‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন

দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন চেয়ে ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়ন করাসহ ৮ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।
দলিত জনগোষ্ঠীর পক্ষে সংগঠনটির আট দফা দাবি হলো—বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধন করে দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় শুমারিতে দলিতদের পৃথক স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নকর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিত, শ্রমিক স্বীকৃতি ও নিরাপত্তাসামগ্রী দেওয়া, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।
সংগঠনের সভাপতি মিঠু কুমার দাস জানান, নোয়াখালীর বিভিন্ন এলাকায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানুষ চরম বৈষম্যের শিকার। স্কুল-কলেজসংলগ্ন হোটেল ও চায়ের দোকানে তাদের একই পাত্রে খাবার পরিবেশন করা হয় না।সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে মূল্যায়ন করা হয় না। চিকিৎসা, চাকরিসহ মৌলিক চাহিদা থেকে তাদের বঞ্চিত করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের নোয়াখালী শাখার সহসাধারণ সম্পাদক দিলিপ কুমার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র শীল, জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক দিবাকর সরকার, সদস্য শুক্লা রাণী বৈঞ্চব প্রমুখ।