মোরেলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
মোরেলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা পড়ে অজগর সাপ। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুছনা (মাছ ধরার) জালে আটকা পড়েছে একটি অজগর সাপ।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে আটকে থাকা অজগরটি দেখতে পান।

পরে স্থানীয়রা সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ এক ব্যক্তিকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।

রাসেল কবিরাজ বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।

পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার বহন করা থলি থেকে অজগরটি বের করে উপস্থিত জনসাধারণকে দেখান। সাপটি একনজর দেখতে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির পরিদর্শক আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে আমরা অজগরটি নেওয়ার জন্য এসেছি। সোমবার বিকেলে সাপটিকে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।