logo

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তার কারাদণ্ড

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তার কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামের এক ভুয়া ভ্যাট কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা সদরের গরুহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। সাজাপ্রাপ্ত স্বপন ঘোষ কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে টাকা দাবি করেন। এর আগেও তিনি দুই দফায় আমিনের কাছ থেকে আট হাজার টাকা নিয়েছেন। এ সময় স্বপনের আইডি কার্ড দেখাতে বলেন প্রেস মালিক আমিন, দেখাতে না পারায় তাকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন- স্বপন ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলেন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, যে কোনো ধরনের প্রতারণা, আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।