রংপুর পলিটেকনিকে শিক্ষার্থী-বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অপসারণের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে কয়েক দফায় পাল্টিপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়ার উত্তেজনা চলছে রাত সাড়ে ১১টা পর্যন্ত। তাৎক্ষণিক আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। আন্দোলনের মুখে বিকেলে পদত্যাগপত্র জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, রাত ৮টার দিকে বহিরাগত কয়েকজন ছাত্রদলের পরিচয়ে দলীয় স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে আসে। এসময় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের সামনে আগে থেকে থাকা শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা গেটে আসলে বহিরাগতরা পিছু হটে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ পদত্যাগ করে বাইরে যাওয়ার পর তার উসকানিতে বহিরাগতরা এসে এ হামলা করেছে।
এদিকে, দুই পক্ষের উত্তেজনা ঠেকাতে ক্যাম্পাসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে বহিরাগতরা আমাদের ওপর হামলা করেছে। অধ্যক্ষ তাদের পাঠিয়েছে। আমাদের আন্দোলন তো বহিরাগতের সঙ্গে না। আমরা আমাদের নিরাপত্তা চাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেছেন। আমরা বাইরে সতর্ক অবস্থায় রয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’


