logo

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সমালোচনার ঝড়

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে আয়োজিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য মো. আইনুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের একটি কর্মসূচি পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতারা দাবি করেছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। তবে ঘটনার দুই দিন পর, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনার বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে সহযোগিতা চাইতে সংসদ সদস্য মো. আয়নুল হকসহ স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়। পরে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়।

মসজিদের ভেতরে এ ধরনের আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন অনেকে।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, এমপি আয়নুল হকের নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃপক্ষের প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। এ বিষয়ে সহযোগিতা চাইতে তারা এমপি সাহেবসহ তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তিনি বলেন, আমরা ওই মাদ্রাসায় গিয়ে দেখি, মাদ্রাসা ও মসজিদের ভেতরে সোফা ও চেয়ার বসিয়ে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, তাই আমরা আপত্তি না করে তাদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিই।

শামসুল ইসলামের দাবি, অনুষ্ঠানে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।