বিস্ফোরক আইনে পিরোজপুরে উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইউম জেমাদ্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইউম ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদ জমাদ্দারের ছেলে।
জানা গেছে, আওয়ামী লীগ ঘোষিত সরকারবিরোধী নানা কার্যক্রমের পরিকল্পনা করছিলেন এই যুবলীগ নেতা কাইউম। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃত কাইউমের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।