সৌদিতে আলমাছের মৃত্যুর ২০ দিন পর খবর পেল পরিবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় আলমাছ সরদার ফরিদ নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পেয়েছে পরিবার। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আলমাছের ফোন থেকে কল দিয়ে পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়।
আলমাছ সরদার ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের আবু তালেব সরদারের ছোট ছেলে। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সৌদি আরব সংবাদদাতা ছিলেন। তার বাবা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য।
পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সৌদি আরবে যান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।
আবু তালেব সরদার বলেন, আমার ছেলে সৌদি আরবে একটি কফি শপে কাজ করত। অনেক আশা নিয়ে ছেলেকে সৌদি পাঠিয়েছিলাম। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
আবু তালেব সরদারের ছেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।