logo

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে ১৫ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গুদামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন কালিতলা এলাকার তামিম ইসলাম, রনি ও মাসুদ। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রায় এক সপ্তাহ আগে কালিতলার তামিম ইসলামের পরিচয় হয়। শনিবার বিকেলে তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ঘষমিন্টুর গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয়।

সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে রাত ৩টার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন পুলিশ সদস্যরা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।