রাতে বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরেন ইমন, সকালে মিলল নিথর দেহ

নওগাঁ শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন ‘জননী’ নামের একটি ছাত্রাবাস থেকে ইমন হোসেন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ওই ছাত্রাবাসের একটি কক্ষের তালাবদ্ধ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন হোসেন নওগাঁ সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলার মান্দা উপজেলার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও মেস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরেন ইমন। রাতে সহপাঠীদের সঙ্গে রাতের খাবার শেষ করে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন শনিবার সকাল গড়ালেও কক্ষের দরজা না খোলায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে কোনো উপায় না দেখে তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ইমনের মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






