logo

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে জরিমানা
রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং লেবেল ছাড়া দই ও মাঠা বিক্রি করার দায়ে নগরীর অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করা হচ্ছিল অলিম্পিয়া সুইটসে। এ ছাড়া তাদের ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।