logo

বিক্রির জন্য বাজারে আনা হয় মহিষের এক মণ পচা মাংস

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
বিক্রির জন্য বাজারে আনা হয় মহিষের এক মণ পচা মাংস
পচা মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রির জন্য আনা মহিষের প্রায় এক মণ পচা মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে মাংসগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এসব মাংস জব্দ ও ধ্বংস করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটি কয়েকদিন আগে জবাই করা হয়েছিল। দীর্ঘদিন বিক্রি না হওয়ায় মাংস বিক্রেতা আবুল কালাম পচে যাওয়া মাংস সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাংস বিক্রেতা পালিয়ে যান। ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী প্রায় ৩৮ কেজি পচা মাংস জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে–চার থেকে পাঁচ দিন আগে জবাই করা মাংস সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। সেগুলো বি‌ক্রির জন্য নি‌য়ে আসে। ঘটনাস্থ‌লে গি‌য়ে মাংসগু‌লো ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের উপস্থিতির আগেই পালিয়ে যায়।