logo

ওষুধ কারখানার আগুন নেভাতে কাজ করছে ২০ ইউনিট

ওষুধ কারখানার আগুন নেভাতে কাজ করছে ২০ ইউনিট
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন। ছবি: এশিয়া পোস্ট

টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের মোট ২০টি ইউনিট কাজ করছে। এছাড়া ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশনের ৪টি, মিরপুর থেকে একটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টিসহ মোট ২০টি ইউনিট কাজ করছে।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের ২০টি ইউনিট এসেছে। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে৷ তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অনন্য বাহিনীও কাজ করছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।