logo

জেলের জালে ৩ কেজির ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি

জেলের জালে ৩ কেজির ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী বন্দরে জেলের জালে ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে নিলামে ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে।

জেলে নূর আলম বিশ্বাস বলেন, রোববার সাগরে মাছ ধরতে গেলে ইলিশ মাছটি জালে ধরা পড়ে। মাছটি পেয়ে বেশ ভালো লেগেছে। আড়তে এনে প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়ায় আরও খুশি হয়েছি। এ ধরনের বড় মাছ ধরা পড়লে আমাদের পরিশ্রম সার্থক মনে হয়।

মাছটির ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে আসার পর নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এত বড় ইলিশ সাধারণত পাওয়া যায় না। ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করছি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, আশাখালী বন্দরে এত বড় ইলিশ খুব একটা দেখা যায় না। তাই বড় মাছ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। এবারও মাছটি ভালো দামে বিক্রি হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি সংরক্ষণ কার্যক্রম মেনে চলা জরুরি। জেলেদের মাছ আহরণের ক্ষেত্রে প্রচলিত আইন ও নির্ধারিত নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বাজারে বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ আড়তে উঠলে তা দেখতে ক্রেতাদের মধ্যে বাড়তি কৌতূহল দেখা যায়। আকার ও মান ভালো হওয়ায় এসব মাছ তুলনামূলক বেশি দামে বিক্রি হয়।