logo
Advertisement
মমেক হাসপাতাল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির দুদিন পর গৃহিণীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ময়মনসিংহ, ময়মনসিংহ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির দুদিন পর গৃহিণীর মৃত্যু
মশারির নিচে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাসমিনা আক্তার নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাসমিনা আক্তারের মৃত্যু হয়।

তাসমিনা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার অমৃতপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান।

তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তাসমিনা আক্তার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরের পাশাপাশি তীব্র কিডনি অকার্যকারিতা ও ইউরেমিক এনসেফালোপ্যাথিতে তার মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ১৩৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৮৩ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ৭ জন শিশু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৬৭ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ১২৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মোট ২ হাজার ৯৪৮ জন।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম চলছে। তবে নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। বাড়ির ছাদ, টব, ফুলের পাত্রসহ আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।