সূর্যোদয়ের সঙ্গে পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব

বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান, প্রার্থনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব। এতে দেশ-বিদেশ থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ উৎসবের।
জানা গেছে, মঙ্গলবার ভোরে দুবলার চরের আলোরকোল সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সমবেত হন পুণ্যার্থীরা। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে সমুদ্র উপকূল। মোমবাতি ও ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠের মধ্য দিয়ে প্রার্থনা করেন ভক্তরা। পরে প্রসাদ বিতরণ শেষে সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করেন তারা। এ সময় পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনাও করেন অনেকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও পুণ্যলাভ হয়।
এবারের উৎসবেও নারী ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পূজা ও পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা শেষে সকাল থেকেই ট্রলার ও জালিবোটে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাস উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের তিন দিনের জন্য দুবলার চরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সবাইকে চর ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ অবস্থান করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে বাগেরহাট ও খুলনা জেলা থেকে মোট ৪২৬টি ট্রলারের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাটের ৪০৯টি ট্রলারে ৮ হাজার ৭০৬ জন এবং খুলনার ১৭টি ট্রলারে ৪০৫ জন পুণ্যার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আলোরকোলে শুরু হয় শতবর্ষের ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব। বিকেল ৫টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় দুবলার চরের রাস মন্দির। রাত ১১টার পর শুরু হয় রাস পূর্ণিমার মূল পূজা। রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি এবং মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতভর পূজা-অর্চনা শেষে ভোরের অপেক্ষায় সমুদ্রতীরে জড়ো হন ভক্তরা।
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০২১ সাল থেকে রাস উৎসবকে কেন্দ্র করে বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছে বন বিভাগ। এবারও পরিবেশ সংরক্ষণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নির্ধারিত পাঁচটি জলপথ ব্যবহার করে কেবল সনাতন ধর্মাবলম্বীদের চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ আহরণ রোধে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
প্রায় ২০০ বছর আগে সাধু হরিভজনের উদ্যোগে এ উৎসবের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।


