Advertisement

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায় ছুটে এলেন যুবক, করলেন বিয়ে

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায় ছুটে এলেন যুবক, করলেন বিয়ে
নবদম্পতি। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া প্রেম শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ওয়াং সুলিন (৩০) নামে এক চীনা নাগরিক। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নূর উদ্দিন।

শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের স্বজনদের আয়োজনে তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুদূর চীন থেকে আসা নতুন জামাইকে একনজর দেখতে সকাল থেকেই কনের বাড়িতে স্থানীয়দের ভিড় জমে। উৎসুক অনেকে নবদম্পতির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কনে নাজমিন আক্তার লিজা (২০) মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. নাজিম উদ্দিন স্থানীয় একজন ফার্নিচার ব্যবসায়ী। তাদের পৈতৃক নিবাস সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তারা মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করছেন। অন্যদিকে বর ওয়াং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা এবং পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে নাজমিন ও ওয়াং সুলিনের প্রথম পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উভয় পরিবার সম্মতি দিলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়াং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর কনের পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যান। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করার পর গত ২১ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার ছিল সেই বিয়ের পারিবারিক ও সামাজিক উদযাপন।

বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্ক ছিল কনের পরিবার। নাজমিনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, ছেলের পরিবার, স্বজন এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে তার পরিচয় ও অন্যান্য তথ্যাদি ভালোভাবে যাচাই-বাছাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হয়েই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারিবারিক পরিকল্পনা অনুযায়ী, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে নূর উদ্দিন আপাতত চীনে ফিরে যাবেন। সেখানে প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কাগজপত্র প্রস্তুত করে পরবর্তীতে স্ত্রী নাজমিনকে চীনে নিয়ে যাবেন তিনি।

এদিকে চীন থেকে বর আসার খবর ছড়িয়ে পড়ার পর পুরো মোহনগঞ্জে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। দিনভর কনের বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং এলাকার মানুষ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান।