logo

হবিগঞ্জের পথে তারেক রহমান, জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

হবিগঞ্জের পথে তারেক রহমান, জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় পর হবিগঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক সেই সফরকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সে মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।  

সরেজমিনে ঘুরে দেখা গেছে, তারেক রহমানের জনসভা কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। দুপুর থেকেই সভাস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছেন। হবিগঞ্জ সদরসহ বাহুবল, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও চুনারুঘাট উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে জনসভায় যোগ দিয়েছেন। 

এদিকে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সভাস্থল। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সভাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সূত্র বলছে, তারেক রহমান সভামঞ্জে পৌঁছানোর আগে ডগ স্কোয়াড দিয়েও নিরাপত্তা আরো জোরদার করা হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, হবিগঞ্জের রাজনীতিতে তারেক রহমানের এই জনসভা একটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

গউছ আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল সংগঠনের নেতাকর্মী দায়িত্ব পালন করবেন।