logo

শুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

শুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
বৈদ্যুতিক পিলারে কাজ করছেন বিদ্যুৎ কর্মী। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়বেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ জানান, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে আমাদের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ কর্তৃপক্ষ।