বিজ্ঞান মেলায় সুজনের বানানো ‘মিসাইল’ নজর কেড়েছে সবার

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে রাঙামাটিতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। তবে মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সুজন চাকমার প্রজেক্ট। যেখানে এই খুদে শিক্ষার্থীর বানানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বোমা নিষ্ক্রিয় করার রোবট সবার নজর কেড়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়কমে মেলার উদ্বোধর করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। জুনিয়র গ্রুপের এই মেলায় জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন।
সুজন চাকমা জানায়, তার উদ্ভাবিত এই মিসাইল রাডারের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। ফলে বাইরের দেশের শত্রুর কোনো মিসাইল দেশের আকাশসীমায় প্রবেশ করামাত্রই বার্তা পাবে মিসাইলটি। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে লক্ষ্যবস্তুকে মহাকাশেই ধ্বংস করে দেবে। এ ছাড়াও তার উদ্ভাবিত রোবটের সাহায্যে যে কোনো ধরনের বোমা নিষ্ক্রিয় করা যাবে। যদি সেটি সম্ভব না হয়, তাহলে এই রোবট বোমাকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এতে রোবটের কোনো ক্ষতি হবে না। ১৩০০ থেকে ১৫০০ ডিগ্রি তাপ সহ্য করতে সক্ষম রোবটটি।
ওই শিক্ষার্থীর দাবি, তার এই উদ্ভাবিত প্রকল্পগুলো যাচাই-বাছাই ও উন্নত করা গেলে দেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এর আগে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আলমগীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ চাকমা প্রমুখ।
