logo

লংমার্চ কেবল কর্মসূচি নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে ঐতিহাসিক হুংকার: গোলাম পরওয়ার

লংমার্চ কেবল কর্মসূচি নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে ঐতিহাসিক হুংকার: গোলাম পরওয়ার
খুলনায় লংমার্চ সফল করতে আয়োজিত জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: এশিয়া পোস্ট

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আইনের শাসন, বাকস্বাধীনতা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়, এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক হুংকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনাঞ্চলের সর্বস্তরের ছাত্র-জনতা, শ্রমিক ও নারীদের দলে দলে লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা কর্মসূচিতে রূপ দিতে হবে। কাটাখালী থেকে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে খুলনার মানুষ অগ্রণী ভূমিকা রেখেছে। সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে এবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের ৭ দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চটি খুলনার উদ্দেশে যাত্রা করবে। পরবর্তীতে এটি যশোর হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য দেন। এ সময় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সমন্বয়ে যৌথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।