রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ার্স পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি।
গ্রেপ্তার অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুর মেয়ে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকার কেল্লাবন্দে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
