কুমিল্লায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জের মৌছাগাছা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত নম্র-ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। সে বেশ সৃজনশীল ছিল। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।


