ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে হাসান আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে ও ফার্নিচার রংমিস্ত্রি হোসেন আলী (২৩) নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শয়নকক্ষের দেওয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো হাসুয়া ঢুকিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে গুরুতর জখম করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে গভীর তদন্ত শেষে গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে ছোট ভাই হোসেন আলীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বড় ভাই হাসান আলী।
