বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিএমপি।
সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, রোববার রাতে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সংলগ্ন ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিলে এই উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
