logo
Advertisement

টয়লেটের ঢাকনা খুলে রাখায় প্রতিবাদ, প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
টয়লেটের ঢাকনা খুলে রাখায় প্রতিবাদ, প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে জখম
গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি বৃদ্ধ মমিনুর রহমান। ছবি : এশিয়া পোস্ট

নীলফামারী সদর উপজেলায় টয়লেটের ঢাকনা খুলে রাখা নিয়ে বাগবিতণ্ডার জেরে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

Advertisement

ভুক্তভোগী আহত মমিনুর রহমান গত ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জামতলা এলাকার বাসিন্দা।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলামের ছেলে সুমন রানা (৩১), তার স্ত্রী মনুফা বেগম (২৮), মৃত জাল মাহমুদের ছেলে মো. জাহিদুল হক (৫৫) এবং তার ছেলে নিপ্পন হক (২৬)।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মমিনুর রহমান তাদের টয়লেটের ঢাকনা বন্ধ করতে বলেন। এ নিয়ে সুমন রানার সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন রানাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে মমিনুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে মমিনুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মমিনুর রহমানের ছেলে মিলন মিয়া বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী ব্যক্তি। টয়লেটের ঢাকনা খুলে রাখায় দুর্গন্ধে আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়ে। এ কারণে বাবা ঢাকনা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তারা আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। তিনি কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।