সিরাজগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন
আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’–এর মালিক ও কর্মচারিরা। ছবি: এশিয়া পোস্ট

বিশ্বকাপ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার চিরচেনা সেই উত্তেজনা এবার দেখা গেল ভিন্ন এক আয়োজনে। সিরাজগঞ্জে একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’–এর উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় হোটেলটির মালিক ও কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন। প্রথমার্ধ থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে জয়ের উল্লাসে মাতে আর্জেন্টিনা দল।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজকেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি মালিক ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

এ সময় মাঠে উপস্থিত দর্শনার্থীরাও এমন উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের খেলাধুলা শুধু বিনোদনই জোগায় না, বরং কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।