চট্টগ্রামে অস্ত্রসহ ‘বুইশ্যা’ গ্রুপের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘শীর্ষ’ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ এলাকার সাংবাদিক কলোনির পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. ইব্রাহিম ইদ্রিস ওরফে ইদ্রিস, মো. আজম উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. রাকিব, মো. হারুন, মো. মোমিন হোসেন ওরফে বাচ্ছু এবং মো. রাসেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে আসামিদের কাছ থেকে ২৭ ইঞ্চি লম্বা একটি লোহার রামদা, বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলাযুক্ত কুড়াল, একটি চাইনিজ কুড়াল এবং একটি ১৬ ইঞ্চি লম্বা ছুরি জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. ইব্রাহিম ইদ্রিসের বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র, মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত ১৬টি মামলা রয়েছে। এ ছাড়া অন্য আসামি মো. রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় চান্দগাঁও থানায় সংশ্লিষ্ট আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
.png)


