logo

দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, ছিটকে পড়া ইয়াবা কুড়াতে ব্যস্ত স্থানীয়রা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, ছিটকে পড়া ইয়াবা কুড়াতে ব্যস্ত স্থানীয়রা
দুর্ঘটনার পর ইয়াবা কুড়াতে ব্যস্ত ছিলেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন ওরফে মনু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চকরিয়ার নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটিতে ইয়াবা বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর সড়কের দুপাশে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ইয়াবা। তবে আহতদের উদ্ধারে এগিয়ে না এসে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ইয়াবা কুড়াতে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার কিছুক্ষণ পরই সড়কের ওপর ছড়িয়ে পড়ে ইয়াবা। আর সেই ইয়াবা কুড়াতেই ব্যস্ত হয়ে পড়েন অনেকে। পরে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ স্থানীয়দের কাছ থেকে কুড়িয়ে পাওয়া ইয়াবাগুলো জব্দ করে। তবে অনেকেই ইয়াবা নিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন।

অন্যদিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন সড়কের পাশে ছিটকে পড়েন, আরেকজন পড়ে যান পাশের বাগানে। কিন্তু তখনও ইয়াবা কুড়ানোর দিকে মনোযোগ ছিল স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার পর এই প্রথম ইয়াবা চোখে দেখলাম। সবাই মিলে ইয়াবা কুড়াচ্ছে, তাই আমিও ইয়াবা কুড়িয়ে দেখেছি। অনেকেই ইয়াবা নিয়ে পালিয়েও গেছে দেখেছি। পরে পুলিশ আসার পর সব ইয়াবা তাদের দেওয়া হয়েছে। আর হতাহত দুজনকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নতুন মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে পৃথক গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আহত অপর ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে গাড়িসহ পালিয়ে যান।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মো. আনিছুর রহমান বলেন, সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চেকপোস্ট ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহীরা সেটির খবর পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেছিল। এ সময় একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে এসে দেখি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেখানে স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আনিছুর রহমান বলেন, মোটরসাইকেলটিতে ইয়াবা বহন করা হচ্ছিল। মোট ৩০ হাজারের বেশি ইয়াবা পাওয়া যায়। আহতদের একজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান বলেন, নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।