logo
Advertisement

নারায়ণগঞ্জ শহর থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহর থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
উদ্ধার করা মরদেহ। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরে। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে হকার্স মার্কেটের তিন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকার্স মার্কেট সংলগ্ন তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। শুভ দাস কীভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন–তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন–সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।