মোবাইল দেখানোর কথা বলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

মানিকগঞ্জের ঘিওরে মোবাইল ফোন দেখানো কথা বলে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি শামসুলকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামসুল ঘিওর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. সালামের ছেলে। এসআরবি-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ভুক্তভোগী নারীর বাবা চা খেতে পাশের বাজারে যান। তখন ওই নারী বাড়িতে একা ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শামসুল তাদের বাড়িতে গিয়ে মোবাইল ফোন দেখানোর কথা বলে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। চলে যাওয়ার সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে ওই নারীর বাবা বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তারা ঘিওর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ১৩ অক্টোবর ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয় বলে এসআরবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মেজর এস কে এম সাদমান হোসেন বলেন, গ্রেপ্তারের পর শামসুলকে ঘিওর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
