মেয়ের বিয়ের প্রস্তুতি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু

বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু রাত পোহালেই যার মেয়ের বিয়ে, সেই কনের মা রসেনা বেগম (৫০) বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এতে মুহূর্তেই বিয়ের আনন্দ শোকে পরিণত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত রসেনা বেগম ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) পারিবারিকভাবে রসেনা বেগমের মেয়ে ইসিরনের (২২) সঙ্গে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের এক যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বুধবার রাতে পুরো বাড়ি সাজানোসহ বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের সব আয়োজন সম্পন্ন করা হচ্ছিল।
আয়োজনের কাজ করার একপর্যায়ে বাড়িতে ঝুলন্ত একটি বৈদ্যুতিক তার সরাতে গিয়ে রসেনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রসেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিয়েবাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিয়েটি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।



