ফরিদপুরে মরা মুরগি বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

জীবিত মুরগি কিনতে গিয়ে ক্রেতার ভাগ্যে জুটতে বসেছিল মরা মুরগি। তবে বিক্রেতার ‘কৌশল’ শেষ পর্যন্ত ক্রেতার চোখে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী মুরগি বাজারের আলামিন পোল্ট্রি হাউজে। এ ঘটনায় দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলামিন পোল্ট্রি হাউজের বাপ্পী মোল্লার বিরুদ্ধে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এক নারী ওই দোকান থেকে দুটি সোনালি মুরগি কেনেন। ক্রেতার সামনেই মুরগি দুটি জবাই করে একটি ড্রামে রাখা হয়। তবে ওই ড্রামে আগে থেকেই একটি মরা মুরগি ছিল। পরে মুরগি পরিষ্কারের সময় তাজা মুরগির সঙ্গে মরা মুরগিটিও দেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি ক্রেতার নজরে আসে।
বিষয়টি জানাজানি হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিক্রেতা বাপ্পী মোল্লা নিজের অপরাধ স্বীকার করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে রাস্তার ওপর মুরগির খাঁচা রেখে ব্যবসা করা দোকানিদের খাঁচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


