logo
Advertisement

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সেই ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সেই ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউসুফ আলী (৪৫) নামের এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে এবং রংপুরের নিউ রুপসী বাংলা ক্লিনিকের পরিচালক।

এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পোশাক কারখানায় কর্মরত ওই স্কুলছাত্রীর বাবার পরিবারের সঙ্গে ইউসুফ আলীর পরিচয় ছিল। নিজ ক্লিনিকে ওই পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর সূত্রে তাঁদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা কাজের কারণে ঢাকায় থাকেন। মেয়েকে নিয়ে তাঁর মা স্থানীয় বাড়িতে থাকেন।

এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওই বাড়ির একটি শিশু অসুস্থ হওয়ায় স্কুলছাত্রীর মা ও খালা তাকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে যান। এ সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে একা ছিল। বিষয়টি জানতেন ইউসুফ আলী।

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুরে স্কুলছাত্রীর মায়ের মোবাইল ফোন নম্বর নেওয়ার কথা বলে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করেন। পরে তিনি বাড়ির গেট ও একটি কক্ষের দরজা বন্ধ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে অসুস্থ হয়ে পড়লে স্কুলছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার পরও ইউসুফ আলী প্রকাশ্যে চলাফেরা করছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীর সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা। তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এর পরদিন সকালে লতাবর এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।