logo

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে, গরমে হাঁসফাঁস

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে, গরমে হাঁসফাঁস

মধ্য চৈত্রে এসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। আগামী তিন দিন এই অঞ্চলে এ রকম তাপমাত্রা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

স্থানীয়রা জানান, সকাল থেকেই সূর্যের তাপ বাড়তে থাকে, আর দুপুরের দিকে তা অসহনীয় রূপ নেয়। অনেকেই গরম থেকে বাঁচতে ছাতা, টুপি ও পানীয় পানি সঙ্গে রাখছেন। 

অন্যদিকে চিকিৎসকরা এই তাপদাহে সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেশি করে পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন। 

আবহাওয়া অফিস বলছে, এ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে। আগামী তিন দিন এ ধরনের তাপমাত্রা এ অঞ্চলে বিরাজ করবে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আর্দ্রতা কম থাকলেও তাপমাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৫ এপ্রিলের পর তাপমাত্রা কমতে পারে। বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা চলমান রয়েছে।