চট্টগ্রামে সন্ত্রাসীদের গোলাগুলিতে শিশুসহ আহত ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপকে লক্ষ্য করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতরা সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) সকালে নগর পুলিশ দক্ষিণ জোনের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ১২ বছর বয়সি ফাহিম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মোরশেদ গ্রুপ শটগান দিয়ে গুলি ছোড়ে এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়। ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেছে।
নগর পুলিশ দক্ষিণ জোনের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, মারামারি ও গুলির ঘটনার পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শটগান, দুটি কার্তুজ জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবরে তিনি পালিয়ে গেছেন। এই ঘটনায় মোট ৫ জনকে আটক করা হয়েছে।