১০০ টাকার লোভে দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিফাত হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিফাত উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।
এর আগে বুধবার বিকেলে শিশুটি ধর্ষণচেষ্টার শিকার হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৮ বছর বয়সী ওই শিশুটি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে সিফাত তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার করা কিশোরের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


