২০ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর পৈতৃক ভিটায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে পৌঁছেন।
বাগবাড়ী গ্রামটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি, যা ‘জিয়াবাড়ি’ নামে পরিচিত। বগুড়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান।
পৈতৃক ভিটায় যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন পর ‘ঘরের ছেলেকে’ ফিরে পেয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বাগবাড়ীতে পৌঁছে তিনি দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং পাশের চৌকিরদহ খাল খননকাজেরও উদ্বোধন করেন। পরে বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও পৈতৃক ভিটা ঘুরে দেখার কথা রয়েছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জানান, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান পৈতৃক বাড়িতে এসেছিলেন। প্রায় ২০ বছর পর তিনি আবার নিজ গ্রামে এলেন।