logo
Advertisement

বলেশ্বর নদে বিশাল আকৃতির কুমির, আতঙ্কে স্থানীয়রা

বলেশ্বর নদে বিশাল আকৃতির কুমির, আতঙ্কে স্থানীয়রা
ছবি : ভিডিও থেকে নেওয়া

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল আকৃতির একটি কুমির দেখতে পাওয়া গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুন্দরবনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় কুমিরটি দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি একনজর দেখতে নদের পাড়ে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ।

বলেশ্বর নদে এত বড় কুমিরের বিচরণে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীতীরের বাসিন্দা ও মৎস্যজীবীরা। বিশেষ করে নিয়মিত নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, সুন্দরবনের আলীবান্দা ইকোট্যুরিজম কেন্দ্রের আশপাশে প্রায়ই একটি বড় কুমির দেখা যায়। কুমিরটি মাঝেমধ্যে সেখান থেকে রেঞ্জ অফিসের সামনের শরণখোলা ও বগী ভাড়ানি হয়ে তেড়াবেকা এলাকা পর্যন্ত বিচরণ করে আবার আলীবান্দায় ফিরে আসে।

তিনি বলেন, এলাকাটি সুন্দরবনের কাছাকাছি হওয়ায় বলেশ্বর নদে কুমির চলে আসা অস্বাভাবিক নয়। কোনো কারণে কুমিরটি নদে চলে আসতে পারে। তবে এর আগে কখনো বলেশ্বর নদে কুমির বিচরণের কথা শোনা যায়নি। ধারণা করা হচ্ছে, কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক ১২ থেকে ১৩ ফুট।

স্টেশন কর্মকর্তা আরও জানান, নদীপাড়ের অনেক মানুষ জীবিকার তাগিদে মাছ ধরার সঙ্গে যুক্ত। তাই তাদের সতর্কতার সঙ্গে নদীতে নামতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের নদীতে গোসল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কুমিরটির গতিবিধি নজরদারিতে রাখতে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।