সাতক্ষীরায় শয়নকক্ষ থেকে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় শয়নকক্ষ থেকে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে সাহানারা বেগম (৩৮) নামে এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে ওই নারীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রোববার দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সাহানারা সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তার স্বামী জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান। সম্প্রতি ওই নারী দেশে ফিরে আসেন। তবে কী কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।