logo

বাউল গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপের

বাউল গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপের
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হুইপ জি কে গউছ। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জে বাউল ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরশ, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনা দেন হুইপ জি কে গউছ।

সভায় তিনি বলেন, আমাদের এই এলাকায় ধর্মকর্ম হয়। এখানকার মানুষ এসব গ্রাম্য গান-বাজনা পছন্দ করেন না। সম্ভব হলে পুরো জেলায়, তা না হলে অন্তত আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি, সেখানে যেন বাউল গান-বাজনার আয়োজন না হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ওরশ, গান, বাণিজ্য ও শিল্প মেলার নামে যেন কোনো ধরনের অশ্লীলতা ছড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এসব আয়োজনের নামে সামাজিক ও ধর্মীয় পরিবেশের অবক্ষয় হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো আয়োজনের অনুমতি দেওয়ার আগে এর পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে সতর্কতার সঙ্গে খোঁজখবর নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শহরের চুরি ও চোরাই মালামাল কেনাবেচার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হুইপ জি কে গউছ বলেন, যারা শহরে চুরি করে, তারা চুরি করা মালামাল কোনো না কোনো জায়গায় বিক্রি করে। বিশেষ করে ভাঙারি দোকানগুলোতে এসব মালামাল বিক্রি হয় কি না, তা খতিয়ে দেখতে হবে। চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় শহরের পরিবেশ ও অবকাঠামো রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে বাঁধের আশপাশে কোনো বালু মহাল ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের জনবল, সরঞ্জাম ও অন্যান্য সক্ষমতার কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।