সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন সংবাদ ছিল দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এই তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তি মো. রবিউল ইসলাম (৩৪) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, আটক আসামি ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তরের পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি নিয়ে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।
.png)





