এক ইলিশ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’। পরে আড়তে প্রকাশ্যে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে ইলিশটির নিলাম অনুষ্ঠিত হয়। ৬ হাজার টাকা থেকে ডাক শুরু হয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন চাঁদপুরের ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।
মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে এই বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে এলে উৎসুক ব্যবসায়ীদের মাঝে হাঁকডাক শুরু হয়।
ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, বর্তমানে নদীতে বড় আকৃতির ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে বাজারে এ ধরনের রাজকীয় ইলিশের চাহিদা ও দাম দুটিই বেশি। মাছটি চাঁদপুরে নিয়ে বিক্রি করা হবে, সেখানে আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছি।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, বর্তমানে মেঘনা নদীতে মাছের পরিমাণ তুলনামূলক কম এবং যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর সিংহভাগেরই ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম। তাই ২ কেজির বেশি ওজনের ইলিশ সত্যিই বিরল।



